অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় করা হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর এই শুনানি হবে। গতকাল মঙ্গলবার রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামি লিয়াকত আলীর পক্ষে করা রিভিশন আবেদনটির আইনজীবী শুনানির জন্য সময় প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল নতুন এই দিন ধার্য করেন।
নতুন দিন ধার্য করার পর সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়া পক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ মোস্তফা সাংবাদিকদের বলেন, সিনহা হত্যা মামলার এক নম্বর আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন মামলার প্রধান আইনজীবী মাসুদ সালাহউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে। আদালতের বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ১৩ ডিসেম্বর রিভিশন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।