মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্য করে কাজলী রানী দাস (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
কাজলী রানী বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার বাসিন্দা অমিত কুমার দাসের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের সঙ্গে জুড়ী উপজেলার অতিরঞ্জন দাসের মেয়ে কাজলী রানীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৮ মাস আগে বিয়ে হয় তাদের। মঙ্গলবার বিকেলে জ্বালানি কাঠ নিয়ে অমিতের সঙ্গে কাজলীর কথা-কাটাকাটি হয়। এরপর অমিত নিজের দোকানে চলে যান।
সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে অভিমান ও ক্ষোভে কাজলী ঘরের আড়ায় গলায় ফাঁস দেন। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শ্বশুরালয়ের লোকজন বিষয়টি টের পেয়ে ঝুলন্ত কাজলীর গলার ফাঁস খুলে পরে তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।