রেললাইনের পাশে নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ

নিখোঁজের ৫ দিন পরে জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায়  স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার জোয়ানা রেলব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই কিশোরের নাম নাজমুল হোসেন (১৪)। তিনি পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আলামিন হোসেনের ছেলে এবং স্থানীয় খাদাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নাজমুলের মোবাইলে কল আসলে নাজমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে পরদিন শনিবার মোবাইল থেকে কল করে এক ব্যক্তি ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে চাইলে ফোন কেটে দেয়।

পরে ওই দিন ৪ জনকে আসামি করে বদলগাছী থানায় অপহরণ মামলা করেন নাজমুলের বাবা। বুধবার ভোরে বস্তাবন্দী অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নাজমুল হোসেনের বাবা আলামিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় লাশটি বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহত নাজমুলের বাবা গত শনিবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে ৪ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতু নামের এক মেয়েকে থানায় নেওয়া হয়েছে।