মাত্র ছয় বছর বয়সেই প্রোগ্রামার হয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় শিশু আরহাম ওম তালসানিয়া। দ্বিতীয় শ্রেণিতে পড়লেও সে এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার।
এনডিটিভি জানায়, ভারতের গুজরাটের আহমেদাবাদে বাসিন্দা আরহাম। এই অল্প বয়সেই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে ফেলেছে সে।
দেশটির পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশ নেয় সে। এতে পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে আরহামের।
এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম। মূলত বাবা ওম তালসানিয়াই তার পথপ্রদর্শক। তিনি ছেলেকে কোডিংয়ের প্রতি আগ্রহী করে তোলেন।
এক সাক্ষাৎকারে খুদে প্রোগ্রামার বলে, ‘আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দুবছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার আইওএস এবং উইন্ডোজ গেজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন।’
এরপর বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে আরহাম। নিজের কাজ বিভিন্ন সংস্থার কাছে পাঠায় সে। অল্প কয়েক মাসের মধ্যে পাইথনের পক্ষ থেকে স্বীকৃতিও পেয়ে যায় আরহাম। এরপরই গিনেস রেকর্ড বুকে নাম উঠল তার।
ছেলের সাফল্যে খুশি বাবা ওমও। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই গেজেটের প্রতি ওর বিশেষ আকর্ষণ ছিল। ট্যাবলেটে সে গেম খেলত। আমি ওকে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যে নিজস্ব কৌশলে গেম বানিয়ে খেলত আরহাম।’
ভবিষ্যতে একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চায় আরহাম। সে বলে, ‘আমি সবাইকে সহায়তা করতে চাই। কোডিংয়ের জন্য অ্যাপস, গেমস তৈরি করতে চাই। আমি অভাবীদের সাহায্য করতে চাই।’