যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী নিহত, চালক আটক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কাভার্ডভ্যান চালক নুর ইসলামের স্ত্রী। তিন সন্তানসহ তিনি মাতুয়াইলের মেডিকেল সংলগ্ন মুসলিমনগরে থাকেন।

হাসপাতালে নিয়ে যাওয়া মরিয়ম বেগমের মেয়ে জান্নাত আক্তার জানান, সকালে সে তার মাকে নিয়ে শনির আখড়ার একটি কসমেটিকস এর দোকানে যাচ্ছিল। পথে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মেঘালয় পরিবহনের একটি বাস ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।