আখাউড়ায় মর্টার শেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত ৩৫ কেজি ওজনের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে আখাউড়া পৌর শহরের নারায়ণপুর বাইপাস এলাকার আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার হয়।

মর্টার শেলটি আলমগীর মিয়ার দোকানে ড্রামভর্তি পানির মধ্যে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শেলটি মুক্তিযুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিষ্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা পুরনো রডসহ মর্টার শেলটি বিক্রি করে যায়। এটি দেখে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মর্টার শেলটি দেখে পানিতে ডুবিয়ে রাখে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম বলেন, মর্টার শেলটি পুরনো ও পরিত্যক্ত। শেলটি পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই জানা যাবে এটি সক্রিয় কি না।