চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার উয়ারুক বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানায় শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে রাস্তার পাশে সন্দেহজনক একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তার ৮টার দিকে শাহরাস্তি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশসহ চাঁদপুর থেকে সিআইডি ও পিবিআইর দুটি টিম ঘটনাস্থলে এসে ড্রাম খুলে লাশটি উদ্ধার করে। ড্রামের মুখে তুলা জাতীয় বস্ত্র দিয়ে লাশটি ডেকে রেখে তালাবদ্ধ রাখা ছিল।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত লাশের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যুবকটিকে জবাই করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।