মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকলেও মাঠে দেখা মিলছে না বিএনপির নেতাকর্মীদের। তবে বিএনপি প্রার্থী সেলিম রেজা অনেক অভিযোগ তুলেছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে টহল জোরদার লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার সকালে ভোট শুরুর প্রথমেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় তার ভোট প্রদান করেন। তবে বিএনপি প্রার্থী সেলিম রেজা বেলা সাড়ে ১১টার দিকে ভোট কেন্দ্র আসেন।
ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বেশিরভাগ কেন্দ্রেই আমাদের এজেন্টদের ফরম জমা দিতে দেয়নি ক্ষমতাসীন দলের লোকেরা।
এমনকি তাদের ঢুকতে দিতে বাধা দিয়েছে। চর গ্রিসের এক কেন্দ্রে আমাদের এক কর্মীকে মারধর করে আহত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সমর্থিত ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা। তবে অভিযোগগুলো মৌখিকভাবে বললেও লিখিত কোনো অভিযোগ দেয়নি।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।
ইভিএম পদ্ধতিতে হওয়ার কারণে অনেক ভোটকেন্দ্রে ভোট প্রদানে বিলম্ব দেখা গেছে।
অনেক ভোটারের কাছে ভোটার স্লিপ না থাকার কারণে কিছুটা সময় লাগছে বলে জানান প্রিজাইডিং অফিসাররা।
এদিকে সকাল ১১টা পর্যন্ত বেরিপটল, ছালাভরা, চালিতাডাঙ্গা এই তিনটি কেন্দ্রে প্রায় ২০ শতাংশ ভোট প্রদান হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে তানভীর শাকিল জয় বলেন, ভোট সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।
কাউকে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এমন অভিযোগগুলো ভিত্তহীন। জনগণের দল আওয়ামী লীগ তাই জনগণের রায়ই আমরা মানবো।
এ আসনে মোট ১৭১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলছে।
প্রশাসনের পাশাপাশি বিজিবির টহলও জোরদার রয়েছে। ভোট কেন্দ্রের আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
উল্লেখ্য, ১৩ জুন সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।