হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন হাসনাত ও নাহিদা

সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২০’ পেয়েছেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই এবং তরুণ সাহিত্যশ্রেণিতে এ পুরস্কার পেয়েছেন গল্পকার নাহিদা নাহিদ। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রেস্ট, সনদপত্রের পাশাপাশি হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকা করে সম্মানী পেয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম। ভিডিও বার্তার মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকমণ্ডলীর প্রধান অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিচারকমণ্ডলীর অন্য সদস্যরা হলেন সদ্যপ্রয়াত কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ এবং সাহিত্যিক হরিশংকর জলদাস।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, হুমায়ূন আহমেদকে নিয়ে সত্যিকার অর্থে বিচার-বিশ্লেষণ এখনো হয়নি। তাকে জনপ্রিয় লেখক বলা হয়। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার পেছনে অনেকগুলো কারণ আছে। সেগুলো বিশ্লেষণ করা উচিত। তার মূল্যায়ন যথাযথভাবে এখনো হয়নি।

মেহের আফরোজ শাওন বলেন, যারা এ সাহিত্য পুরস্কার পেয়েছেন তাদেরকে হুমায়ূন আহমেদ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।