ধর্ম নিয়ে অপপ্রচারের অভিযোগ

অপহরণের নাটক সাজিয়েছিলেন তিথি : সিআইডি

নিখোঁজ হওয়ার ১৮ দিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম নিয়ে অপপ্রচারের পর নিজেকে রক্ষা করতেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়েছিলেন তিথি।

সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি জামিল আহমেদ বলেন, ‘গত বুধবার বিকেলে নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় এক দূরসম্পর্কীয় স্বজনের বাড়ি থেকে উদ্ধার করা হয় তিথিকে। তিনি অপহৃত হননি। বিপদ এড়াতে তিনি নিজেই আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজিয়েছিলেন। কেন আত্মগোপন করেছিলেন, কারও মাধ্যমে প্ররোচিত হয়েছিলেন কি না, তাকে নিয়ে যারা গুজব ছড়িয়েছিলেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

তবে তিথির স্বজনরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়ার পর বাসাতেই ছিলেন তিনি। ২৫ অক্টোবর পল্লবী থানা থেকে সকাল পৌনে ৯টার দিকে এসআই শুভ নামে এক কর্মকর্তা তার মোবাইলে ফোন করে থানায় যেতে বলেন। সকাল ৯টার দিকে থানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিথি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।