রাজধানীতে ‘ছাদ থেকে পড়ে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার ‘ছাদ থেকে পড়ে’ আরনাজ আহমেদ (১৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে ধানমন্ডি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বৈদ্য উল্লেখ করেন, ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ৬৯/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন আরনাজ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ১০তলা বাসাটির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে বাসার নিচ থেকে ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল মর্গে উপস্থিত স্বজনরা জানায়, আরনাজের বাবা তাহমিদ আহমেদ আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক।  একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। দুই বোনের মধ্যে আরনাজ ছিলেন বড়।