রাজধানীর উত্তরায় একটি বাসায় খন্দকার ফাকিহা নুর (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় ফাকিহা নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসায় ভাড়া থাকতেন।
বাবা খন্দকার আনোয়ার হোসেন ও মা রোজী বেগমের একমাত্র মেয়ে ফাকিহা। শুক্রবার সকালে নিজের শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে বাবা-মা দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন ফাকিহা। তাদের বাড়ি বরিশাল জেলায়। ফাকিহা নুরের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।