কমলাকে সাহায্য করতে চাকরি ছাড়ছেন স্বামী এমহফ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে যাওয়া ডগলাস এমহফ তার স্ত্রী কমলা হ্যারিসের জন্য চাকরি ছেড়ে দেবেন বলে জানিয়েছে ইউএস টুডে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ‘সেকেন্ড লেডি’ উপাধি পান। এতদিন দেশটি সেকেন্ড লেডিই পেয়েছে। এই প্রথম কোনো পুরুষ ‘সেকেন্ড জেন্টেলম্যান’ হতে যাচ্ছেন।

ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ পদের দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতে চান এমহফ।

এক দশকেরও বেশি সময় ধরে আইন পেশায় জড়িত ডগলাস ক্রেগ এমহফ। তিনি ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মার্ক ও অস্ত্র ব্যবসায়ী ডোলারিয়ান ক্যাপিটালের মতো বড় বড় প্রতিষ্ঠানের মামলাগুলো দেখাশোনা করতেন।

২০১৭ সালে ডিএলএ পাইপার নামে একটি আইনবিষয়ক প্রতিষ্ঠানে যোগ দেন।

ডিএলএ পাইপার ওয়াশিংটনে লবিংয়ের ক্ষেত্রে বেশ সক্রিয় থাকায় নতুন প্রশাসনে নৈতিক আদর্শ ধরে রাখার ক্ষেত্রে বাইডেন-কমলার জন্য এটি একটি সমস্যা হতে পারতো। এমহফের পদত্যাগের পেছনে এই ভাবনাটিও কাজ করতে পারে।

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গত আগস্ট থেকেই ছুটিতে আছেন এমহফ।

২০১৪ সালে বিয়ে করেন কমলা হ্যারিস ও ডগলাস এমহফ। এটি ছিল কমলা হ্যারিসের প্রথম ও ডগলাস এমহফের দ্বিতীয় বিয়ে। তাদের দুজনেরই বয়স ৫৬ বছর।