ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে ব্যপক গোলাগুলি হয়েছে ভারতীয় বাহিনীর।
সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানায়, শুক্রবার অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তের বেশ কিছু এলাকায় হামলা চালায় পাকিস্তান। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফের এক সদস্যসহ ৪ সেনা ও ৩ বেসামরিক নাগরিক মারা গেছে। ভারতীয় বাহিনীর পালটা হামলায় অন্তত ৬/৭ জন পাকিস্তানি সেনা নিহতের দাবিও করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
তাদের তথ্য অনুযায়ী, বারামুল্লা জেলার নামবলা সেক্টরে পাকিস্তানি সেনাদের মর্টার হামলায় দুই সেনা সদস্য মারা যায়। হাজি পীর সেক্টরে বিএসএফের এক সাব ইনস্পেক্টর নিহত ও আরেক সেনা সদস্য আহত হয়। এছাড়া উরির কামালকোট সেক্টরে দুই বেসামরিক নাগরিক এবং বালকোট এলাকায় এক নারী পাকিস্তানি হামলায় নিহত হয়।
জবাবে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ এস এস জিএর কমান্ডোসহ অন্তত ৬/৭ সেনা মারা গেছে বলে দাবি করেছে এনডিটিভি। এছাড়া আরো ১০-১২ জন আহত হয়েছে বলে জানায় তারা। সেই সাথে পাকিস্তানের বেশ কয়েকটি আর্মি বাংকার, জ্বালানির ডিপো ও লঞ্চ প্যাড জ্বালিয়ে দেয়ার দাবি করেছে ভারতীয় সেন্যবাহিনী।
উরি ছাড়াও, অস্ত্রবিরতি লংঘনের খবর পাওয়া গেছে বান্দিপোরা জেলার ইজমার্গ আর গুরেজ সেক্টরে, এবং কুপোয়ারা জেলার কেরান সেক্টরে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেস কায়লা জানান, পাকিস্তানী সেনবাহিনীর গুলির সুযোগে কেরান সেক্টরে লাইন অব কন্ট্রোলের কাছে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনারা।
তিনি আরো বলেন, তারা মর্টার ও অন্যান্য অস্ত্র দিয়ে গুলি চালায়, তাদেরকে সমুচিত জবাব দেয়া হয়েছে।