১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা অসংখ্য নাটক, ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন অভিনেতা জাহিদ হাসান। জনপ্রিয় এই লেখকের জন্মদিনে তাকে স্মরণ করলেন জাহিদ হাসান।
দেশ রূপান্তরকে জাহিদ হাসান বলেন, ‘হুমায়ূন আহমেদের সঙ্গে আমার সম্পর্ক ছিল ভাই, বন্ধু স্থানীয়। তিনি একই সঙ্গে আমার বড় ভাই আবার শিক্ষকও। আমার ক্যারিয়ারের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন হুমায়ূন আহমেদ। তার রচনা ও নির্মাণশৈলীও ছিল অসাধারণ-যা এক দুই বাক্যে বলা সম্ভব নয়। ধারাবাহিক নাটক লিখে তার মতো আর কেউ এত জনপ্রিয়তা পাননি।’
জাহিদ হাসান আরও বলেন, ‘হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক কাজ করেছি। তার অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছি। তার সঙ্গে সিনেমাও করেছি। হুমায়ূন ভাই রাইটার হিসেবে অনেক বড় মাপের। অভিনয়ের স্বার্থে চরিত্রের বিশ্লেষণে দুর্দান্ত ছিলেন হুমায়ূন আহমেদ। প্রতিটি চরিত্র তিনি যত্ন করে লিখতেন এবং পরিচালনা করতেন।’