জেলে নওয়াজ শরীফের মেয়ের বাথরুমে ক্যামেরা লাগানোর অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেছেন জেলে বন্দি থাকার সময়ে তার ঘর ও বাথরুমে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। আর এ কারণে তিনি পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন।

আর্থিক তছরুপের মামলায় গত বছরে গ্রেপ্তার হয়েছিলেন মরিয়ম। জেলে থাকাকালীন তাকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাক্ষাৎকারে তাও তুলে ধরেন তিনি। মরিয়ম বলেন, ‘দু’বার আমাকে জেল খাটতে হয়েছে।’ এরপরই ইমরান খানের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি মন্তব্য করেন, ‘একজন মহিলা হওয়া সত্ত্বেও কীভাবে জেলের ভেতরে আমার সঙ্গে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।’

নিজের উদাহরণ তুলে মরিয়মের দাবি, যেভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ দেশের মহিলারা কতটা সুরক্ষিত! এরপরই তার হুঁশিয়ারি, ‘ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনো প্রান্ত।’ মরিয়মের আরও অভিযোগ, পাক প্রশাসন যদি তার ঘরে জোর করে ঢুকে বাবার সামনেই গ্রেপ্তার করতে পারে, তা হলে তারা আরও অনেক কিছু করতে পারে। এটাই প্রমাণ করছে পাকিস্তানে মহিলাদের অবস্থা কেমন।