ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন তাজরীনের শ্রমিকদের

ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন সাভার আশুলিয়ায় তাজরীন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ মানববন্ধন করেন তারা। শ্রমিকরা জানান, ২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনের ১১২ শ্রমিক নিহত ও ৩৫০ জন আহত হন। এদের মধ্যে অল্পসংখ্যক ক্ষতিগ্রস্ত শ্রমিক নগদ অনুদানসহ বিভিন্ন সহযোগিতা পেয়েছেন। কিন্তু ৯০ শ্রমিক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি। প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, বিজিএমইএ এবং তৎকালীন বায়ার (ক্রেতা) জারা, কিক, কেকে, ওয়ালমার্টসহ অন্যান্য বায়ারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তারা। তাজরীন ফ্যাশনের আহত শ্রমিক শিল্পী আক্তারের সভাপতিত্বে আহত, ক্ষতিগ্রস্ত ও নিহত অর্ধশতাধিক শ্রমিকের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।