হালে বার্ষিক আয়ের নিরিখে বলিউডের সবচেয়ে ধনী তারকা অক্ষয় কুমার। কয়েক বছর ধরে তিনি কম বাজেট ও কম সময়ে বাণিজ্য সফল ছবি নির্মাণের ফর্মুলা মেনে চলেছেন। তবে তার পারিশ্রমিক বরাবরই চড়া। ছবির অন্য খরচের তুলনায় দ্বিগুণের বেশিও!
বলিউড হাঙ্গামা জানায়, ‘পতি পত্নী আউর ওহ’ পরিচালক মুদাচ্ছার আজিজের সঙ্গে নতুন ছবি করতে যাচ্ছেন অক্ষয়। সেখানে আকাশছোঁয়া পারিশ্রমিক হেঁকেছেন।
ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ও বিশু ভাগনানি, যাদের সঙ্গে বর্তমানে ‘বেল বটম’ করছেন বলিউড খিলাড়ি।
দুই প্রযোজক ইতিমধ্যে ফ্যামিলি কমেডি ধাঁচের সিনেমাটি নিয়ে অক্ষয়ের সঙ্গে আলাপ সেরেছেন। তিনি চিত্রনাট্য পছন্দ করেছেন। পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি বেশি চাইছেন।
সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ছবির অন্যান্য বাজেট ধরা হয়েছে ৩৫ থেকে ৪৫ কোটি রুপি। আর অক্ষয়ের পারিশ্রমিকসহ ধরলে তা ১০০ কোটি ছুঁয়ে যাবে।
৪৫ দিনের মতো শুটিং করে সিনেমা শেষ করবেন অক্ষয়। সে হিসেবে প্রতিদিন তাকে দিতে হবে ২ কোটির মতো। তবে ১৫০ কোটি রুপি খরচে আপত্তি নেই নির্মাতাদের। কারণ, অক্ষয়ের কমেডি ভারতে বেশ জনপ্রিয়। এ ছবি ওটিটি প্ল্যাটফর্ম ও টিভিতে ভালো দর্শক পেয়ে থাকে। সে হিসেবে সিনেমা হল থেকে ১২০ কোটি রুপি তুলে আনলেই যথেষ্ট।
নাম প্রকাশ না হওয়া ছবিটি শুটিং ফ্লোরে যাবে আগামী বছরের জুলাইয়ে, পরের মাসেই ক্যামেরা ক্লোজ হবে। মুক্তি পাবে ২০২২ সালের প্রথমার্ধে।
এ দিকে শনিবার নতুন আরেক ছবি ‘রাম সেতু’র ঘোষণা দিয়েছেন অক্ষয়। প্রকাশ করেছেন পোস্টার। অভিষেক শর্মা পরিচালিত সিনেমাটি পৌরাণিক কাহিনির সঙ্গে আধুনিক গল্পের মিশ্রণে তৈরি হবে।