বিশেষায়িত সেবা প্রদানের লক্ষ্যে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের জন্য মডেল কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্স, বিশেষায়িত কিডনি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্বোধন করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের প্রধান ও ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা ডা. ফজলে এলাহী খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন, সিভিল সার্জন মাছুম ইফতেখার, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।
ডা. ফজলে এলাহী খাঁন দেশ রূপান্তরকে বলেন, বিদ্যমান কিডনি ডায়ালাইসিস ইউনিটের সঙ্গে ১৬ শয্যাবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মডেল কিডনি ওয়ার্ড, হেপাটাইটিস বি ও সি রোগীদের জন্য আলাদা ডায়ালাইসিস ইউনিট, অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, মিনি ওটি, স্পেশাল কেয়ার ইউনিট সংযোজন করা হয়েছে। বিশেষায়িত কিডনি ওয়ার্ডের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক রোগীর সেবা দিতে পারব।