জীবন-সুফিলের গোলে মুগ্ধ সালাউদ্দিন

নেপালের বিপক্ষে ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ এর প্রথম প্রীতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারায় জেমি ডের শিষ্যরা। প্রথমার্ধের ১০ মিনিটে নাবিব নেওয়াজ জীবন ও ৮০ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের পা থেকে আসে গোল। দুটি গোলই ছিল অসাধারণ।

শুধু ফুটবল ভক্তরা নন, গোল দুটিতে মুগ্ধ হয়েছেন স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, ‘দুটি সুন্দর গোল হয়েছে। দুটিই মানসম্পন্ন গোল। এ গোল করার মেধা ওদের আছে...।’

বাংলাদেশের ফরোয়ার্ডদের ক্ষেত্রে এমন ফিনিশিং দেখা যায় খুব কমই। সাবেক তারকা ফরোয়ার্ড সালাউদ্দিন বললেন, ‘যে কারণেই হোক ওরা এটা আগে করতে পারত না...। এমন ফিনিশিং আগেই হওয়া উচিত ছিল। কেননা এটা নিয়ে আগে থেকে কোচরা কাজ করছিলেন। খেলোয়াড়দেরই গোল করতে হবে। এটা কোচ বা আমি করে দিতে পারব না। কালকে তারা গোল করার মতো আত্মবিশ্বাসী ছিল।’

জীবন-সুফিলের গোলের প্রশংসা করলেও নেপালের বিপক্ষে জয়ের ব্যবধান আরো বড় হবে পারত বলেই মনে করেন সালাউদ্দিন। যদি না কিছু সহজ সুযোগ হাতছাড়া হতো।

সালাউদ্দিন আরো বলেন, ‘গণমাধ্যম এক-দেড় মাস ওদের যে সমর্থন দিয়েছে, তাতে ওদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। কাল দর্শকের সমর্থনও ছিল। এর সঙ্গে যদি সরকার যদি সমর্থন দেয়, তাহলে আমি মনে করি এটা সময়ের ব্যাপার... বাংলাদেশ শীর্ষ পর্যায়ের দল হবে।’

মঙ্গলবার একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।