চট্টগ্রামে কর্মশালায় বক্তারা

‘খাবারের ট্রান্স ফ্যাট মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে’

উচ্চমাত্রায় ট্রান্স ফ্যাটযুক্ত খাবার হার্ট অ্যাটাকসহ হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বাড়ায় বলে মন্তব্য করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ট্রান্স ফ্যাট প্রজেক্টের কো-অর্ডিনেটর ডা. শেখ মো. মাহবুবুস সোবহান। তিনি বলেন, ‘ট্রান্স ফ্যাট কৃত্রিমভাবে তৈরি ক্ষতিকর ফ্যাট, যা বেকারি পণ্য, প্যাকেটজাত ও ভাজাপোড়া খাবারে থাকে।’ গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতের সম্মেলন কক্ষে আয়োজিত ‘খাদ্যে ট্রান্স ফ্যাট, হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালায় রির্সোস পারসনের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সোবহান আরও বলেন, ‘অসংক্রামক রোগ বিশ্বে মৃত্যুর প্রধান কারণ। যা মোট মৃত্যুর ৭১ শতাংশ। দেশে ৫ লাখ ৭৩ হাজার মানুষ মারা যায় অসংক্রামক রোগে। যা মোট মৃত্যুর ৬৭ শতাংশ। এর মধ্যে হৃদরোগে মারা যায় ১ লাখ ৩০ হাজার ৯৩০ জন, যা উদ্বেগজনক। দেশে মৃত্যু ও পঙ্গুত্বের মূল ঝুঁকি সুষম খাদ্যগ্রহণে অসচেতনতা, তামাক গ্রহণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও অতিরিক্ত ওজন।  অসংক্রামক রোগে মৃত্যু কমাতে খাদ্যাভ্যাসকে গুরুত্ব দিতে হবে।