দেশের সব গণপরিবহনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার সমিতির আওতাধীন সব মালিক সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো স্বাভাবিক হয়নি। চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনও নানা উদ্যোগ গ্রহণ করেছে।