স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে এসিড নিক্ষেপের ঘটনায় মো. আব্দুল আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা  (ডিবি) মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। গত শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলী ওই নারীর সাবেক স্বামী বলে জানা গেছে।

ডিবির মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল করিম বলেন, তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

গত ৯ নভেম্বর ভোর সাড়ে ৬টায় ভিকটিম রহিমা বেগম বিআইএইচএস হাসপাতাল থেকে ডিউটি শেষে বাসার উদ্দেশে রওনা করে। সে মিরপুর মডেল থানার হাউজিং রিসার্চ ইনস্টিটিউটের সামনে পৌঁছলে তার সাবেক স্বামী আব্দুল আলী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।