৪ কোটি টাকার মাদক জব্দের সময় মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক

শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ কোটি টাকার বেশি মূল্যের মাদক জব্দ করেছে মালয়েশিয়ান পুলিশ। এই অভিযানের সময় একটি নৌকা মেরামতের ওয়ার্কশপ থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার অনলাইন সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস রবিবার জানিয়েছে, অভিযানের সময় তিন বাংলাদেশি পুরুষ ঘুম ছিলেন। দুদিনের অভিযানে মোট ১২ জনকে ধরা হয়েছে। এর মধ্যে আটজন স্থানীয়। বাকি একজন নারী, তার বাড়ি লাওসে। তাদের বয়স ২২ থেকে ৫৮ বছর।

তিন বাংলাদেশি মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত কি না, সেটি স্পষ্ট করে প্রতিবেদনে বলা হয়নি। তবে অন্য ৯ জনের সঙ্গে তাদেরও ‘কয়েক সপ্তাহের’ রিমান্ডে নেয়া হয়েছে।

পুলিশের ধারণা, এই মাদক লাওস থেকে থাইল্যান্ড ‍ঘুরে সাগরপথে মালয়েশিয়ায় ঢুকেছে।

জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি আছে গাজা। শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট থেকে পরদিন সকাল সাড়ে ছয়টা পর্যন্ত মোট আটটি জায়গায় অভিযানগুলো চলানো হয়।

সুনগাই নিবং অঞ্চলে প্রথম অভিযানের পর ২ জনকে ধরা হয়। তাদের কাছে পাওয়া যায় ২৫০ কেজি গাজা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজন পুলিশকে নৌকা মেরামতের ওয়ার্কশপে নিয়ে যায়। সেখানে পাওয়া যায় তিন বাংলাদেশিকে। তারা ওই ওয়ার্কশপের কেয়ারটেকার।

এরপর জিত্রা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে এই চক্রের মূলহোতা বলা হচ্ছে।

মালয়েশিয়ান পুলিশ বলছে, করোনার সময় সীমান্ত বন্ধ থাকায় পাচারকারীরা রুট বদল করে সাগরপথে মাদক আনছে।