ময়মনসিংহে এক বাড়ি থেকে ১২টি মানুষের মাথার খুলি ও মানুষের শরীরের নানা অংশের দুই বস্তা হাড়গোড় উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ‘গতরাতে আমরা গ্রেফতারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। তার বাড়ি থেকে মানুষের মরদেহে দ্রুত পচন ধরায় এমন রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছে।’
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি এর আগেও একই কারণে কারাদণ্ড ভোগ করেছে।
প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, এসব খুলি ও হাড়গোড় ভারত ও নেপালে পাচার করা হতো।
মেডিকেল কলেজগুলোতে এসব হাড় শিক্ষার কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশের ভেতরেও তিনি এসব হাড় সরবরাহ করেন।
ওসি ফিরোজ তালুকদার বলেন, এদের একটা চক্র আছে। আমরা আরও কিছু নাম পেয়েছি। দেশের বিভিন্ন জায়গায় কবরস্থান থেকে এসব সংগ্রহ করা হয়।