ছাত্রদল নেতা মোস্তাফিজ ও মিজানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ প্রিন্সের

গত ১৩ নভেম্বর ফার্মগেটের খামারবাড়ী থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এবং পল্টন এলাকা থেকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

তিনি বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু আইনশৃঙ্লাখ বাহিনী তাদের আটকের বিষয়টি স্বীকার করছে না। 

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্নস্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে। কাউকে কাউকে পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু স্বীকার করছে না। নেতাকর্মীসহ তাদের পরিবার গভীর উৎকণ্ঠায় রয়েছেন। 

প্রিন্স বলেন, আমরা নিশ্চিত যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই মোস্তাফিজুর রহমান এবং মিজানুর রহমান মিজানকে উঠিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে গুমের মতো নিষ্ঠুর অপকর্ম করে বিএনপি’র নেতাকর্মীদের রাজনৈতিক ময়দান থেকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। 

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুন্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামশেদ উদ্দীনকে ১১ নভেম্বর আওয়ামী সন্ত্রাসীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত ১৪ নভেম্বর তার বস্তাবন্দী লাশ সীতাকুন্ড সাগর পাড়ে পাওয়া যায়।