জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাকে অনুশীলনে পাচ্ছে না জামাল ভূঁইয়ারা। তবে এই ইংলিশ কোচের পরিকল্পনা মতোই এগোচ্ছে ফুটবলারদের অনুশীলন।
‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ এর দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার। গত শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ই প্রত্যাশা স্বাগতিকদের।
তবে ম্যাচের ঠিক দুদিন আগে কোচকে হারানো বড় ধাক্কা। সেই ধাক্কা সামলেই ফুটবলারদের অনুশীলন চলছে বলে জানালেন দলের ম্যানেজার আমের খান।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পরিবারের কারো মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিছুটা প্রভাব তো ফেলেই…। যে কোচিং স্টাফ আছে, তারা কিন্তু জেমির সঙ্গেই কাজ করে। ওরা জেমির প্ল্যানিংটা নিয়েই এসেছে। সে অনুযায়ী প্র্যাকটিস হয়েছে। আজকে অনুশীলন শেষে জেমির সঙ্গে এটা নিয়ে আলোচনাও হবে। আমি মনে করি না, এ নিয়ে চিন্তার কিছু আছে।’ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ই প্রত্যাশা বাংলাদেশের।
এদিকে জেমি ডের আরো একবার করোনা পরীক্ষা করা হবে। ইতিবাচক ফলের প্রত্যাশায় বাংলাদেশ দল। ম্যানেজার আমের খান বললেন, ‘খেলার এক-দুই দিন বাকি আছে। তাকে আবারো টেস্ট করা হবে। দেখা যাক… আমরা তো আশা করছি, এই দুদিনের মধ্যে সে চলে আসবে।’