নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তার আগে সোমবারই মোহাম্মদ সাইফউদ্দিনের বিপক্ষে ভিন্ন এক ম্যাচে নামতে হবে ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আসলে এটি ঠিক ম্যাচ নয়। সাকিবকে সাইফউদ্দিন একটা চ্যালেঞ্জ ছোড়ে দিয়ে রেখেছিলেন। সাইফউদ্দিন যার নাম দিয়েছেন ‘চ্যালেঞ্জ ম্যাচ’। ২ ওভার বল করবেন সাইফউদ্দিন, সাকিবকে নিয়ে হবে ২২ রান।
সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার আগেই গত জুলাইয়ের শুরুতে এই চ্যালেঞ্জটা দিয়ে রেখেছিলেন সাইফউদ্দিন। সাকিব তা গ্রহণও করেন।
নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এখন সাকিব সবকিছুই স্বাভাবিকভাবে শুরু করেছেন। রবিবার যেমন পুরোদমে ব্যাটিং-বোলিং অনুশীলনও করেছেন। এসময় সাইফউদ্দিনের সঙ্গেও দেখা যায় তাকে। তাদের মধ্যে যে পূর্বের সেই চ্যালেঞ্জটা নিয়ে কথা হয়েছে, তা কেন জানত।
সাইফউদ্দিন সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে লিখেছেন, ‘ইনশা আল্লাহ আগামীকাল সাকিব ভাই এর সাথে দুই ওভারে ২২ রানের চ্যালেঞ্জ ম্যাচটা খেলব। দোয়া করবেন সবাই আমার জন্য।’
এর আগে গত ৩ জুলাই সাইফউদ্দিন ফেইসবুকে লিখেছিলেন, ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহন করেছে। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি, তারপর আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করব ইনশা আল্লাহ।’