চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম সাথি রানি রায় (১৫)।

রবিবার দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাথি রানি রায় একই ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামের মণীন্দ্র নাথ রায়ের মেয়ে। সাথি রানি দুর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুর্গাডাঙ্গা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।