আবারো জ্বলে উঠেই নিভে গেলেন তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। রবিবার মুলতান সুলতানসের বিপক্ষে এলিমিনেটর-২ ম্যাচে মাঠে নেমেছে তামিমদের দল লাহোর কালান্দার্স। টস জিতে ব্যাট করতে নামা লাহোরের পক্ষে বাঁ-হাতি ওপেনার তামিম ২০ বলে ৫ চারে ৩০ রান করে ফিরেছেন।

এর আগে শনিবার এলিমিনেটর-১ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষেও ভালো শুরু পেয়েছিলেন তামিম। কিন্তু ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রানেই থেমে যান।

ফাইনালে যেতে হলে এ ম্যাচে জিততেই হবে তামিমদের। এর আগে কোয়ালিফায়ার ম্যাচে সুপার ওভারে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনালে পা রাখে করাচি কিংস।

অন্যদিকে এলিমিনেটর-১ ম্যাচে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে এলিমিনেটর-২ ম্যাচে উঠে আসে লাহোর কালান্দার্স। এখন তামিমদের লাহোর ও মুলতান সুলতানসের মধ্যে জয়ী দল ফাইনালে সঙ্গী হবে করাচির।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে লাহোর। অ্যাডান লিথের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। দ্বিতীয় ওভারে সোহেল তানভিরকে একটি বাউন্ডারি হাঁকান। মোহাম্মদ ইলাসের তৃতীয় ওভারে পর পর দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে এনে দেন উড়ন্ত শুরু।

সোহেল তানভিরের করা চতুর্থ ওভারের প্রথম বলে আরো এক বাউন্ডারি হাঁকান তামিম। তবে পঞ্চম ওভারে জুনায়েদ খানের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ হয়ে ফিরে যান।

অবশ্য শুরুতেই দলের রান তোলায় গতি এনে দিতে পেরেছেন তামিম। এখন দেখার বিষয় কত পুঁজি পায় লাহোর।