মনোবল হারাচ্ছেন না ফুটবলাররা

হেড কোচ জেমি ডে’র করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই কষ্ট পাচ্ছেন শিষ্যরা। আগামীকাল নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে কোচকে খুব মিস করছেন তারা। তবে প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর সিরিজটাও ২-০তে জিততে প্রতিজ্ঞবদ্ধ ফুটবলাররা। কোচের জন্য তাই মন খারাপ হলেও মনোবল হারাচ্ছেন না তারা। বরং কোয়ারেন্টাইনে থাকা কোচকে আরেকটি জয় উপহার দিতে মুখিয়ে জীবন-সুফিলরা।

কোচের করোনা আক্রান্তের খবর জানার পর সকালের সেশনে অনুশীলন বাতিল করেছিল জাতীয় দল। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেলে ঠিকই ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন জেমি ডে’র দিকনির্দেশনায়। ম্যাচ জিতলেও দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের মাঝে ক্লান্তির উপস্থিতি দেখতে পেয়েছেন কোচ। তাছাড়া মধ্যমাঠের নিয়ন্ত্রণ বারবার আলগা হতেও দেখা গেছে। জেমি তার সহকারী স্টুয়ার্টকে সেগুলো নিয়েই বেশি কাজ করতে বলেছেন। প্রথম ম্যাচে নাবিব নেওয়াজ জীবনকে দিয়ে গোল করানো রাইট উইঙ্গার সাদ উদ্দিন কোচের করোনা আক্রান্ত হওয়ায় দলের ভেতরের অবস্থাটাই যেন বোঝাতে চাইলেন অনুশীলন শেষে, ‘আমি মনে করি কোচের না থাকার প্রভাব আমাদের খেলায় পড়বে না। সবাই মানসিকভাবে শক্ত আছে। সহকারী কোচ আজ আমাদের বলে দিয়েছে, সব বিষয়। আশা করি কোচ দ্রুতই আমাদের সবার মাঝে ফিরে আসবে।’ প্রথম ম্যাচ জিতলেও সাদ মনে করেন তাদের উন্নতির অনেক জায়গা আছে, ‘আগের ম্যাচে আমাদের অনেক ঘাটতি ছিল, উন্নতির দিকও ছিল। সব মিলিয়ে খারাপ হয়নি। ভালো শুরু করেছি আমরা। চেষ্টা করব পরের ম্যাচে আরও ভালো করে আমরা কাতারের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’

আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত গোল করা সুফিলও খুব করে চাইছেন কোচের দ্রুত ফেরা। পুরো ম্যাচ না হোক, অল্প সময়ের জন্যও যে কোচ তার ওপর আস্থা রেখেছিলেন প্রথম ম্যাচে। যার প্রতিদান তিনি দিয়েছেন অবিশ্বাস্য এক গোলে, ‘আসলে জেমি আমাদের সঙ্গে যেভাবে কাজ করছে, তার থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে তিনি মাঠে নেই, এটা ভাবতেই আমাদের খারাপ লাগছে। হয়ত, আজকে নতুন কিছু শেখানোর জন্য তিনি প্রস্তুত ছিলেন। সেটা তিনি করতে পারেননি।’

নেপাল দলও গতকাল অনুশীলন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে। তারা চাইছে পরের ম্যাচ জিতে সিরিজ ড্রয়ের সান্ত¡না নিয়ে দেশে ফিরতে। ফরোয়ার্ড নবযুগ শ্রেষ্ঠা গতকাল বলেন, ‘প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গতিতে আমরা পেরে উঠিনি। তবে ওই ম্যাচ খেলার মধ্য দিয়ে আমরাও দীর্ঘ সময় পর মাঠে নামার জড়তা কাটিয়ে উঠেছি। আশা করছি দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবল উপহার দিতে পারব।’