রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তার জায়গায় তখন বার্সা দলে ভেড়াতে পারত কিলিয়ান এমবাপেকে। কিন্তু ক্লাবটির দূরদৃষ্টির অভাবে সম্ভব হয়নি। আবার নেইমারকে ফিরিয়ে আনতে পারেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো চাওয়ায়।
বার্সেলোনার সাবেক স্পোর্টিং ডিরেক্টর হাভিয়ের বোর্দাস জানিয়েছেন, ‘নেইমারকে ফেরানোর বিষয়ে আমরা সিরিয়াস ছিলাম। সে ভেবেছিল বার্সায় ফিরতে পারবে, আমিও তাই ভেবেছিলাম। আমরা প্যারিস গিয়েছিলাম, নেইমারকে কেনার জন্য প্রস্তাবে প্রায় রাজিও করিয়েছিলাম। কিন্তু নেইমারের বাবা অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরো দাবি করে। যেটি আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না।’ নেইমার সান্তোস সিনিয়র ছেলের এজেন্ট হিসেবে কাজ করেন।
নেইমার যখন ২০১৭’র ৩ আগস্ট বার্সা ছাড়েন এমবাপে তখনো মোনাকোতে। বোর্দাস জানিয়েছেন, ‘আমি এমবাপের বাবাকে ফোন করেছিলাম। সে আমাকে বলেছিল এমবাপে রিয়াল মাদ্রিদে যেতে চায় না। কারণ সেখানে (ওই সময়) ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেলসহ বহু খেলোয়াড় আছে। তাই সে বার্সাতেই যেতে চায়।’ আর তখন এমবাপেকে বার্সা কিনতে পারত ১০০ মিলিয়ন ইউরোতে। কিন্তু এমবাপের বদলে ওসমান দেম্বেলেকে কেনে বার্সা। ‘এমবাপে নিজের জন্য খেলে, দেম্বেলে খেলে দলের জন্য। আর নেইমারের চলে যাবার পর একজন ফিনিশারের চেয়ে উইঙ্গারকেই বেশি গুরুত্ব দেয় বার্সা কর্র্তৃপক্ষ’ বলেছেন বার্দোস। ১০৫ মিলিয়ন ইউরোতে দেম্বেলেকে কেনে বার্সা। গেল তিন বছরে ক্লাবের হয়ে ৮২ ম্যাচে ২২ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেন দেম্বেলে। বেশিভাগ সময় ইনজুরিতেই ছিলেন তিনি। আর এমবাপে পিএসজির হয়ে ১৩২ ম্যাচে গোল করেছেন ৯৭টি, অ্যাসিস্ট ৫৮টি।
মেসির জায়গায় নেইমার!
এদিকে ইএসপিএন তাদের এক রিপোর্টে বলেছে বার্সায় নেইমারকে আনার চেষ্টা চলছে মেসির বিকল্প হিসেবে। পিএসজিতে নেইমারের চুক্তি শেষ হবে ২০২২ সালে। এদিকে মেসির চুক্তি বার্সার সঙ্গে আছে এই মৌসুম পর্যন্ত। মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, এই মৌসুম শেষে মেসিকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার সিটি। তাই মেসি ক্লাব ছাড়লে তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে নেইমারকেই। এখানে আরও কিছু বিষয় আছে। মেসি আগেও বেশ কয়েকবার দলে চেয়েছিলেন নেইমারকে। চেষ্টা করেও আনতে পারেনি বার্সা। পদত্যাগ করেছেন আগের বোর্ড প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। নতুন নির্বাচনের পর যদি মেসি দলে থেকে যান, তিনি হয়তো ফের নেইমারকে দলে চাইবেন সতীর্থ হিসেবে। ফলে নেইমার এলে মেসিরও থাকার সম্ভাবনাও বেড়ে যাবে। আর যদি মেসি চলে যায় বার্সা ছেড়ে তবে তাকে দিতে হবে আনুগত্য বোনাস হিসেবে ৩৩ মিলিয়ন ইউরো। বোঝাই যাচ্ছে নেইমারকে দলে ভেড়াতে পারলে লাভটা বার্সারই। সেটা মেসির বিকল্প হিসেবে হোক কিংবা মেসির সতীর্থ হিসেবে।