অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবার বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দেবে মোবাইল ইন্টারনেট কোম্পানি রবি। এ বিষয়ে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সভায় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রমে প্রধান দুটি সমস্যা ডিভাইস ও ডেটা। ইউজিসির পদক্ষেপ ও মোবাইল অপারেটর কোম্পানিগুলোর আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় স্বার্থে এগিয়ে আসার জন্য তিনি রবিকে ধন্যবাদ জানান।
রবির সিইও মাহতাব উদ্দিন বলেন, জাতির মেরুদণ্ড নতুন প্রজন্মকে অনলাইন শিক্ষা কার্যক্রমে রবির শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।