উত্তর বাড্ডায় বাসা থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শাহেদ (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহেদ মাদারীপুর কালকিনি উপজেলার আউলিয়ারচর গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে উত্তর বাড্ডা হাজীপাড়া মসজিদ গলিতে থাকতেন।

গ্রামের বাড়িতে একটি স্কুলের ১০ম শ্রেণিতে লেখাপড়া করতেন তিনি। এদিকে উত্তর বাড্ডায় তাদের নিজেদের খাবার হোটেল রয়েছে। কিছুদিন আগে তিনি ঢাকায় এসে নিজেদের হোটেলেই কাজ শুরু করেন। ২ ভাই এক বোনের মধ্যে শাহেদ ছোট।

মৃত শাহেদের বড় ভাই মো. শাহিন মাহমুদ জানান, সকালে বাসাতেই ছিলেন শাহেদ। সকাল ৮টার দিকে তার রুমে গিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে শাহেদ এই ঘটনা ঘটিয়েছেন তা জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।