বেগম রোকেয়া পদক পাচ্ছেন চবি উপাচার্য

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘বেগম রোকেয়া পদক ২০২০’ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রবিবার বিকেলে বিষয়টি জানানো হয়েছে। নারীর আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারকে এ পুরস্কার দেওয়া হবে।

১৯৯৫ সাল থেকে অবিভক্ত বাংলায় নারীর মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার নামে সরকার এই পুরস্কার প্রদান শুরু করে।

উল্লেখ্য, চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, ১৯৭৫ সালে চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পরে ১৯৮১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এ ছাড়া ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।

এর আগে তিনি প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষকতার পাশাপাশি নারীদের শিক্ষাসহ নানাবিদ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি।