এক নির্বাচনে মার্কিন সমাজের বিভক্তি দূর হবে না: ওবামা

সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সামাজিকভাবে চরম বিভক্তি প্রকাশ পেয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেন, ‘শুধু এক নির্বাচনের মধ্য দিয়েই মার্কিন সমাজের এ বিভক্তি দূর হবে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে বারাক ওবামা তার নতুন বই ‘এ প্রমিজড ল্যান্ড’ সম্পর্কে কথা বলেন। সেখানে যুক্তরাষ্ট্র নিয়ে এমন উদ্বেগ প্রকাশ পায়।

তার মতে, চার বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, সেসময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। ‘ষড়যন্ত্র তথ্যের উন্মত্ত সংস্কৃতি’ এ বিভক্তিকে বাড়িয়ে তুলেছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এখনো পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন কাছাকাছি ভোট পেয়েছেন।

ওবামা বলেন, ‘দুই প্রার্থীর সাত কোটির বেশি ভোট পাওয়ার ঘটনা প্রমাণ করে আমেরিকার সমাজ কতটা বিভক্ত হয়ে পড়েছে।’

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ওবামা বলেন, ‘এমন বাস্তবতায় গণতান্ত্রিক কাজকর্ম চালিয়ে যাওয়া বেশ দুরূহ হয়ে ওঠে।’

এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের বিজয়ের মাধ্যমে এই বিভক্তি মোচন শুরু হলো মাত্র। ওবামা বলেন, ‘এটির জন্য একাধিক নির্বাচন লাগবে।’