বেতন বৈষম্য নিরসনসহ ৯ দফা দাবিতে স্কপের বিক্ষোভ

বেতন বৈষম্য নিরসন, বাজার মূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ, শ্রমিক-কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, করোনাকালে অনেকে চাকরি হারিয়েছে, মজুরি কমেছে অথচ সরকারি প্রণোদনা শ্রমিকরা পায়নি।

মানববন্ধনে জানানো হয়, ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ রাষ্ট্রীয় ১৩ লাখ কর্মচারীর সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করে পে-স্কেল ঘোষণা করা হয়। এ পে-স্কেলে প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বেড়েছে। মুদ্রাস্ফীতি ছিল প্রায় সাড়ে ৫ শতাংশ থেকে ৬ শতাংশের বেশি। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ব্যবহার্য পণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। অন্যদিকে পণ্যের দাম বাড়ায় প্রকৃত আয় কমেছে।

বক্তারা মজুরি বাড়ানোর দাবিতে সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি শ্রমিক কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, বেতন বৈষম্য কমানো ও মহার্ঘ ভাতা দেওয়া ও পণ্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্কপের সমন্বয়কারী সহিদুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, আহসান হাবিব বুলবুল প্রমুখ।