এবার ইংল্যান্ডকে বিদায় করল বেলজিয়াম

পর্তুগালকে বিদায় করেছে ফ্রান্স। পরদিন ইংল্যান্ডকে উয়েফা নেশন্স লিগ থেকে বিদায় করল বেলজিয়াম। রবিবার লিগ এ-এর তিন নম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিকরা ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এই হারে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩-এ নেমে গেছে ইংলিশরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় ঘটল তাদের।

লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে রোমেলু লুকাকুর পাসে ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল পান মিডফিল্ডার টিলেমানস। এর দুই মিনিট পর ইংল্যান্ডকে সমতায় ফিরতে দেননি লুকাকুই। কর্নার থেকে পাওয়া বলে হ্যারি কেইনের হেড পরাস্ত করেছিল বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়াকে। ভেতরে ঢুকতে থাকা বল গোললাইন থেকে হেডে ফিরিয়ে দেন লুকাকু। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেন্স। এর আগে নিজেদের মাটিতে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড।

বেলজিয়ামের পয়েন্ট ১২। আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালসে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে ডেনমার্ক। তাদের পয়েন্ট ১০। বুধবার শেষ রাউন্ডে বেলজিয়ামের মাঠে খেলতে নামবে ডেনমার্ক। ড্র করলেই ফাইনালসে নাম লেখাবে ডেনিশরা।

ইতালি শীর্ষে

এক নম্বর গ্রুপে শীর্ষে উঠেছে ইতালি। রবিবার ইতালির ক্লাব রেজিয়ানের মাঠে স্বাগতিকরা ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। রবিবার ম্যাচটি ইতালি খেলেছে তাদের কোচ রবার্তো মানচিনিকে ছাড়াই। কোভিড-১৯ এ আক্রান্ত তিনি। আইসোলেশনে থাকা কোচকে স্বস্তি এনে দেন জর্জিনহো ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে। দ্বিতীয় গোলটি হয়েছে ৮৩ মিনিটে। গোলদাতা ডমেনিকো বেরাডি। ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বসনিয়াকে হারালেই ফাইনালস নিশ্চিত হবে ইতালির।

ডি বোরের প্রথম জয়

কোচ হিসেবে অবশেষে প্রথম জয় পেয়েছেন ফ্রাঙ্ক ডি বোর। গ্রুপ এক এর ম্যাচে রবিবার ইউহান ক্রুইফ অ্যারেনায় নেদারল্যান্ডস ৩-০ গোলে হারিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে। মিডফিল্ডার জর্জিনিও ভিনালদামের জোড়া গোলের পর শেষ গোলটি করেন মেম্ফিস ডিপে। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডাচরা। ৭ পয়েন্ট নিয়ে পোল্যান্ড তৃতীয়।