একই দিনে মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে একই দিনে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় কাল ভোর ৫টায় মন্টিভিডিওতে স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এর দেড় ঘণ্টা পর লিমায় পেরুর সঙ্গে খেলবে আর্জেন্টিনা।

বাছাইয়ে প্রথম তিন ম্যাচ জিতে শীর্ষে আছে ব্রাজিল। প্রতিপক্ষ উরুগুয়ে আছে চার নম্বরে। ব্রাজিল দলে ইনজুরির কারণে নেই নেইমার, কুতিনহোরা। এদিকে দারুণ ফর্মে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। দুজনই সবশেষ ম্যাচে গোল পেয়েছেন। ব্রাজিল নিজেদের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও গেল ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে মাত্র এক গোলে। তবে অতীত ইতিহাস দেখে স্বস্তি পেতে পারেন ব্রাজিল কোচ তিতে। ২০০১ সালের পর ব্রাজিলকে হারাতে পারেনি উরুগুয়ে। সবশেষ ২০১৮ সালে প্রীতি ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়েকে। ১৯৬৭ সালের পর দু’দলের ৩৫ ম্যাচে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে। মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল এগিয়ে। ৩৮ ম্যাচ জিতেছে তারা। উরুগুয়ের জয় ২১টিতে। ড্র বাকি ১৭ ম্যাচ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিল তাদের সবশেষ ৯ ম্যাচের ৭টি জিতেছে। নিজেদের সবশেষ ১৬ ম্যাচে উরুগুয়ে হেরেছে মাত্র একটি। সেটি গেল মাসেই ইকুয়েডরের কাছে।

এদিকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ঠিক আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে তারা। তবে সেই ম্যাচে রেফারি লিওনেল মেসির গোল বাতিল না করলে ফলাফল হতে পারত আলবিসেলেস্তেদের পক্ষে। পেরু নিজেদের প্রথম তিন ম্যাচ থেকে পেয়েছে মাত্র ১ পয়েন্ট। এই দু’দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইতে। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে সবশেষ তিন ম্যাচে পেরু ড্র করেছে আজেন্টিনার সঙ্গে। সব মিলিয়ে ৫৪ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৩৩ ম্যাচ, পেরু জিতেছে ১৪টি। বাকি ৭ ম্যাচ ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ৫ মুখোমুখিতে আর্জেন্টিনা জিতেছে ২টি। বাকি তিন ম্যাচ ড্র।

আজ গভীর রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরও ৬ দল মুখোমুখি হবে। চিলি খেলবে ভেনেজুয়েলার মাঠে। ইকুয়েডর আতিথেয়তা দেবে কলম্বিয়াকে। প্যারাগুয়ে স্বাগত জানাবে বলিভিয়াকে।