লাহোর-করাচি ফাইনাল

আজ কি তামিম ম্যাচজয়ী ইনিংস খেলবেন?

প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ১০ বলে করেছিলেন ১৮। দুটি বাউন্ডারি আর একটা ছক্কা। মুলতান সুলতানসের বিপক্ষে রবিবার দ্বিতীয় ম্যাচে ২০ বলে ৩০। বাউন্ডারি ৫টি। দুটি ইনিংসকে ম্যাচজয়ী ইনিংস বলা যাবে না। সেই ইনিংস কি ফাইনালের জন্য রেখে দিয়েছেন তামিম ইকবাল? আজ করাচি কিংসের বিপক্ষে পিএসএলের ফাইনাল লাহোর কালান্দার্সের। কত রানের ইনিংস খেলবেন তামিম?

যে ফর্মে আছে লাহোর তাতে প্রথমবারের মতো পিএসএল চ্যাম্পিয়ন হলে বিস্ময়ের কিছু থাকবে না। করোনার কারণে ৮ মাস বিরতি দিয়ে আয়োজিত পিএসএলের প্রথম এলিমিনেটরে তারা ৫ উইকেটে হারিয়েছিল পেশোয়ারকে। দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতানসও পাত্তা পায়নি। ২৫ রানে হেরেছে তারা। অন্যদিকে করাচি কিংস সুপার ওভারে মুলতান সুলতানসকে হারিয়ে ফাইনালে ওঠে। দুটি দলই প্রথমবারের মতো পিএসএলের ফাইনাল খেলছে। দ্বিতীয় এলিমিনেটরে ব্যাটে ২১ বলে অপরাজিত ৪৮ আর ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা ডেভিড ভিজে বলেছেন, ‘আমি জানি ফাইনালে খুব বড় ম্যাচ হতে যাচ্ছে। ভরা গ্যালারিতে খেলতে পারলে দারুণ হতো, তবে আশা করছি লাহোর আজ আমাদের সমর্থন করবে। চ্যাম্পিয়ন হতে আর মাত্র একটা ম্যাচ জিততে হবে আমাদের।’ করাচি কিংসের ক্ষেত্রেও তাই। ইন্টারনেট।