বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে বাংলাদেশে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। তার মৃত্যুতে এক সপ্তাহের শোক পালন করছে বাহরাইন।