আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন গুণী অভিনেতা আজিজুল হাকিম। তবে আগের চেয়ে আজিজুল হাকিমের  শারীরিক অবস্থা এখন ভালো। আজিজুল হাকিমের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

১৭ নভেম্বর সন্ধ্যায় অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম বলেন, ‘কেবিনে দিলো একটু আগে। তবে এখানেও স্পেশাল মনিটরের ব্যবস্থা রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। তারা জানিয়েছেন, ওর সবকিছুই ভালো রেসপন্স করছে। বাকিটা সবার দোয়া ও ভালোবাসা।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ নভেম্বর থেকে লাইফ সাপোর্টে ছিলেন দেশের অন্যতম সফল অভিনেতা আজিজুল হাকিম। পরিস্থিতির খানিক উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। রাখা হয়, আইসিইউতে।

এর আগে ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে।