কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় পারভেজ মোশারফ (২৩) ও রিংকু হোসেন (২৪) নামে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থেকে কুষ্টিয়া অভিমুখে যাত্রা করা মোটরসাইকেল আরোহী দুই যুবককে পেছন দিক থেকে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় রিংকু হোসেনে ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবক পারভেজ মোশারফকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করেছে। তবে ঘটনার পর পরই দায়ী যানবাহনটি পালিয়ে যাওয়াই তাকে শনাক্ত করা যায়নি। এ কারণে কাউকে আটক করতে পারেনি পুলিশ।