অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের আরও একটি স্মার্টকিটের কথা আজ তোমরা জানবে। তুমি যদি ছবি আঁকতে পছন্দ করো, ‘ট্যানগ্রাম’ নামক বাক্সটি তোমার জন্যই। এই বাক্সে এমন অনেকগুলো উপকরণ রয়েছে, যা দিয়ে নানা রকম নকশা করে এঁকে তুমি খেলতে পারবে। বাড়বে তোমার জ্যামিতি-জ্ঞান। লিখেছেন শাহেদ তামিম
পরিচিতি
মাত্র সাতটি জ্যামিতিক আকৃতি নানাভাবে সাজিয়ে হাজার হাজার শেপের ছবি তৈরি করার খেলা ট্যানগ্রাম। এর প্রচলন প্রায় হাজার বছর আগে। প্রাচীন চীনে উৎপত্তি হলেও পরে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অবসর সময় কাটানোর মাধ্যম কিংবা মাথা খাটানোর খেলা যাই বলা হোক না কেন, ছেলে-বুড়ো সবাইকেই মাতিয়েছে ট্যানগ্রাম। বহু গণিতবিদকেও যে ভাবিয়েছে এটা, তার প্রমাণও ইতিহাসের পাতায় পাতায় পাওয়া যায়। এক কথায়, কয়েক মিনিটের মজার খেলা থেকে শুরু করে ঘণ্টার পর ঘণ্টা মাথা খাটানোর জিনিস হিসেবে ট্যানগ্রামের জুড়ি মেলা ভার।
উপকারিতা
ডিজিটাল আসক্তি দূর করতে ট্যানগ্রামের ভূমিকা অনন্য। এটি বিজ্ঞানময় তো বটেই, তা ছাড়া বেশ নান্দনিক এবং মানবিক গুণাবলি বিকাশে দারুণ সহায়ক হিসেবে প্রমাণিত। পরিবারের সদস্যদের সঙ্গে উত্তম সময় কাটাতে এর চেয়ে ভালো বস্তু আর হতে পারে না। সৃজনশীলতার বিকাশ ঘটাতে ট্যানগ্রামের অবদান তুমি সারা জীবন মনে রাখবে। মাত্র সাতটি কাঠের টুকরো দিয়ে হাজারের ওপর নকশা বানানো কিন্তু চাট্টিখানি কথা নয়। ফুল, পাখি, ঘরবাড়ি, মানুষ ও রোবট সবই বানাতে পারবে তুমি। এসব নিয়ে মেতে থাকলে তোমার মস্তিষ্ক যেমন উর্বর হবে, তেমনি বাড়বে মেধা ও সৃজনশীলতা।
ব্যবহারবিধি
ম্যানুয়েল বইয়ে সহস্রাধিক শেপের ধারণা দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে প্রতিদিন ট্যানগ্রামের নতুন নতুন ধারণা আঁকতে পারবে। তা ছাড়া নিজেও চেষ্টা করে দেখতে পারো, নতুন অনেক ধারণা তোমার মাথায় আসবে নিশ্চয়ই। রকমারি থেকে বাক্সটি অর্ডার করতে পারো। দাম ৭৫০ টাকা।