যোদ্ধাকে সম্মান মেসি-জাভি-নেইমারদের

বার্সেলোনা ছেড়ে চীনের হুবেই চায়না ফরচুন ক্লাবে নাম লেখান হাভিয়ের মাসচেরানো। সেখানে কাটিয়েছেন এক মৌসুম। এরপর আর্জেন্টিনা ফিরে যান বন্ধু হুয়ান ভেরনের আমন্ত্রণে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ক্লাবে খেলতে। চলতে মৌসুম খেলার কথা থাকলেও মাত্র ১০ ম্যাচ খেলে সোমবার আচমকা ফুটবলকে বিদায় বলে দিলেন মাসচেরানো। তিনি নিভৃতে চলে গেলেও মেসি-নেইমার-জাভির মতো সাবেক ক্লাব সতীর্থরা চুপ থাকেননি। সবাই সম্মান জানিয়েছেন।

মাসচেরানোর সঙ্গে জাতীয় দলে ১৬ বছরের ১৪ বছরই পার করেছেন মেসি। বার্সেলোনায় একসঙ্গে কাটিয়েছেন ৯ বছর। দুজনে জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন তার মধ্যে ২০১৪ সালে খেলেছেন ফাইনালে। বার্সায় দুটি চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি দুটি ক্লাব বিশ্বকাপ ও সাতটি লা লিগাও জিতেছেন। মাসচেরানোর পরই পাকাপাকিভাবে আর্জেন্টিনার অধিনায়ক হয়েছেন মেসি। সাবেক এই সতীর্থের অবসরে ইন্সটাগ্রামে মেসি লিখেন, ‘আমরা এক সঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছি, প্রতিদিন নিজেদের দেখেছি এবং অনেক কিছুই ভাগাভাগি করেছি। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে একসঙ্গে খুব খুশির এবং খুব কঠিন সময় পার করছি। (বার্সা থেকে) চলে যাওয়ার পর থেকেই তোমাকে মিস করছিলাম। এখন আরও বেশি মিস করব।’

মাসচেরানোর সঙ্গে খেলা আরেক বার্সেলোনা গ্রেট জাভি হার্ন্দান্দেজ কাতার থেকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মাসচেরানোকে, ‘একজন অবিশ্বাস্য পেশাদার ফুটবলার, খুব কম লোকের মতোই ভালো মনের এবং একজন অসাধারণ নেতা।’ নেইমার বলছেন, ‘খেলোয়াড় ও মানুষ হিসেবে সে একজন ফেনোমেনন।’

আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপে সোমবার আর্জেন্টিনা জুনিয়র্সের কাছে ১-০ গোলে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন মাসচেরানো। ক্লাব ক্যারিয়ারে রিভারপ্লেট থেকে শুরু করে ব্রাজিলের কোরিন্থিয়ান্স, ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ও লিভারপুল, স্পেনের বার্সেলোনায় মোট ৪২৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন দুটি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১৪৭ ম্যাচ খেলা এই মিডফিল্ডার কাম ডিফেন্ডার করেছেন ৩ গোল। ২০১৮’র বিশ্বকাপে ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ফুটবল মাঠের এই যোদ্ধা।