ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি।

স্মরণসভা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রমৈত্রী নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ। এদিকে টাঙ্গাইলে পালিত হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী।

গতকাল ভোর হতেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নামে। সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অপর্ণ এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আলাউদ্দিন।