শাহরুখ খানের ‘পাঠান’-এ থাকছেন সালমান খানও। বিশেষ চরিত্রে অল্প সময়ের জন্য এই উপস্থিতি। পুরোনো এ খবরের পাশাপাশি শোনা যাচ্ছে, ভাইজানের ‘টাইগার থ্রি’র বিশেষ চমক হতে চলেছেন কিং খান।
অবশ্য এ ধরনের অতিথি চরিত্র বলিউডে নতুন কিছু নয়। যা নতুন— দুই ছবির চরিত্রের পাল্টাপাল্টি উপস্থিতি আগে দেখা যায়নি হিন্দি সিনেমায়।
অর্থাৎ, পাঠান চরিত্রেই সালমানের ছবিতে থাকছেন শাহরুখ। অন্যদিকে টাইগার হয়ে অন্য ছবিতে হাজির হবেন সালমান।
ফিল্ম সমালোচকদের বক্তব্য, বলিউডের দুই সুপারস্টারকে একই ছবিতে দেখা গেলে দর্শকদের উন্মাদনাও চরমে পৌঁছাবে। এর মাঝে যদি হলিউড স্টাইলে ক্রসওভার ঘটে, তাহলে তো কথাই নেই।
‘পাঠান’ ছবির জন্য প্রায় দুই সপ্তাহ শুটিং করবেন সালমান। তারপর নিজের ‘টাইগার থ্রি’র জন্য সময় দেবেন, সঙ্গে থাকবেন শাহরুখ।
কিছুদিন আগে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র জন্য ক্যামিও চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়ান বলিউড তিনি। নিজের একক সিনেমার জন্য দুই বছর বিরতি নিলেও আরও দুটি ছবিতেও ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আবার ‘টাইগার থ্রি’র নায়িকা বরাবরের মতোই ক্যাটরিনা কাইফ।
যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির বিশেষ চমক হতে যাচ্ছে ‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’। এ ছাড়া শিগগিরই একগুচ্ছ ছবির ঘোষণা আসবে।