কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম এমন কোনো ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করলেন রাজস্থানের ২১ বছর বয়সী শুভম যাদব।
জি নিউজ জানায়, ইসলামিক স্টাডিজের ছাত্র হিসেবে এর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বহু অমুসলিম ছাত্র। কিন্তু প্রবেশিকা পরীক্ষায় এই প্রথমে শীর্ষ স্থান অধিকার করলেন কোনও হিন্দু ছাত্র।
রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম বলেন, ‘ইসলাম সম্পর্কে বহু ভুল ধারনা চালু রয়েছে। ইসলামকে উগ্রতার সমার্থক বলেও প্রচার করা হয়। সমাজে এরকম প্রবণতা বেড়ে চলেছে। এই সময়ে একে অপরকে আরও বেশি করে বোঝা দরকার।’
২০ সেপ্টেম্বর কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। সম্প্রতি এর ফলাফল প্রকাশ পায়।
বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদি বলেন, ‘এর আগে আমরা বহু অমুসলিম ইসলামি স্কলার পেয়েছি। কিন্তু এই প্রথম কোনও অমুসলিম ছাত্র প্রবেশিকা পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করল।’
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক করেছেন শুভম। কলেজে থাকতে থাকতেই ইসলাম সম্পর্কে তার আগ্রহ জন্মায়। স্নাতক হওয়ার পরই ঠিক করেন, ইসলাম নিয়ে আরও পড়াশোনা করবেন। তারপরেই কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা বসেন শুভম। ভবিষ্যতে আইএএস অফিসার হতে চান এ তরুণ। তার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী।