ওবামার আত্মজীবনীতে নেই মোদি, ভারতে তোলপাড়

বারাক ওবামার আত্মজীবনীমূলক নতুন বই ‘অ্যা প্রমিজড ল্যান্ড‘ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় দেখা দিয়েছে। মঙ্গলবার বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়।

বিবিসি বাংলা জানায়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারত সফর নিয়ে আত্মজীবনীতে একটি অধ্যায় রেখেছেন ওবামা।

ওই অধ্যায়ে দেশটির কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মনমোহন সিংয় সম্পর্কে বলা হলেও নেই বিজেপি নেতা ও বর্তমানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে কোনো কথা। অথচ মোদি আমলেও ভারত সফর করেছিলেন ওবামা।

২০১০ সালের নভেম্বরে ওই সফর নিয়ে ১৪০০ শব্দের অধ্যায়টিতে ওবামা সে সময়কার কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

মনমোহনকে তিনি ‘ভারতীয় অর্থনীতির রূপান্তরের প্রধান কারিগর’ এবং ‘জ্ঞানী, চিন্তাশীল এবং অসামান্য সৎ’ একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন। আর কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর ব্যক্তিত্ব তাকে কতটা মুগ্ধ করেছিল সে কথাও লিখেন ওবামা।

সেই সঙ্গে কংগ্রেসের বর্তমান কান্ডারি রাহুল গান্ধীর রাজনৈতিক ধীশক্তি নিয়ে তার মনে তখন যে প্রশ্ন দেখা দিয়েছিল তা অকপটে লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। রাহুলকে দেখে নার্ভাস এবং কিছু অপরিণত মনে হয়েছিল তার।

বইটি বিক্রির শুরুর আগেই ফাঁস হওয়া কপির সূত্রে রাহুলের ব্যক্তিত্ব নিয়ে ওবামার পর্যবেক্ষণে কংগ্রেস নেতা-কর্মীদের মাঝে যে ক্ষোভ শোনা যাচ্ছিল, মনমোহন এবং সোনিয়া গান্ধীকে নিয়ে তার পর্যবেক্ষণে তা অনেকটাই প্রশমিত হয়ে যায়।

আবার, ৯০২ পৃষ্ঠার বইটিতে মোদিকে নিয়ে ওবামা যে একটি শব্দও লেখেননি তা নিয়ে কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা উচ্ছ্বাস প্রকাশ করতে ছাড়েননি।

মোদি ক্ষমতায় আসার পর ২০১৫ সালে প্রেসিডেন্ট হিসেবে ওবামা আবারো ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু তার বইতে মোদির কোনো প্রসঙ্গই তিনি টানেননি।

তবে তার এই আত্মজীবনীমূলক বইয়ের প্রথম খণ্ডটি শেষ হয়েছে ২০১১ সালে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনা দিয়ে। দ্বিতীয় খণ্ডে হয়তো মোদির ব্যাপারে বারাক ওবামার পর্যবেক্ষণ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু তার বইতে ওবামা যে মোদির কোনো নাম করেননি, তা নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর একের পর এক টুইট করেছেন।

তিনি লিখেন, ‘যেখানে ওবামা মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ সেখানে ৯০২ পৃষ্ঠার বইয়ে একবারও তিনি নরেন্দ্র মোদির নাম নেননি।’

থারুর বলেন, ‘রাহুল গান্ধীকে নিয়ে লেখা একটি বাক্য নিয়ে সংঘ পরিবারের লোকজন নৃত্য করছেন, কিন্তু ওবামার বইয়ের দ্বিতীয় খণ্ডে মনমোহন সিং-পরবর্তী বিজেপির ভারত সম্পর্কে কী পর্যবেক্ষণ অপেক্ষা করছে তার ইঙ্গিত স্পষ্ট।’