পঞ্চগড়, ঝিনাইদহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দেশের দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঘটনা দুটি ঘটে। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আসাদুজ্জামান আসাদ নামে দুই বছর ও রহমত উল্লাহ নামে আড়াই বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পঞ্চগড়ের ঘটনায় স্থানীয়রা জানান, গতকাল দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশু দুটি খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।

একপর্যায়ে শিশু আসাদকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে পুকুরের মালিক রওশন আরা।

পরে আসাদকে মৃত ও রহমত উল্লাহকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে আশপাশের লোকজন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, গতকাল দুপুরে সঙ্গীদের নিয়ে কুমার নদীতে গোসল করতে যায় লামিয়া।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার সঙ্গীরা। একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।